হাওজা নিউজ এজেন্সি’র প্রতিবেদনে বলা হয়, সোমবার নাহজুল বালাগার ১৯৪ নম্বর খুতবার ব্যাখ্যাবিষয়ক এক নৈতিক শিক্ষার ক্লাসে এসব কথা বলেন অধ্যাপক তাহরিরি। এ সময় তিনি আমিরুল মুমিনিন হযরত আলী (আ.)-এর বক্তব্যের আলোকে মুনাফিকদের বৈশিষ্ট্য, ইসলামী সমাজের জন্য তাদের বিপদ এবং ঐক্য রক্ষার গুরুত্ব তুলে ধরেন।
তিনি বলেন, নাহজুল বালাগার বিভিন্ন স্থানে হযরত আলী (আ.) মুনাফিকদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, যাতে মুমিনরা তাদের সম্পর্কে সচেতন হতে পারেন এবং শিক্ষা গ্রহণ করতে পারেন। এসব সতর্কবার্তা মূলত তাদের উদ্দেশে, যাদের অন্তরে দ্বীন ও অদৃশ্য জগতের প্রতি গভীর বিশ্বাস নেই কিংবা যারা এমন বিশ্বাস অর্জন করতে আগ্রহী নয়। অথচ রাসুল, আল্লাহর কিতাব ও ধর্মীয় শিক্ষার মুখোমুখি হলে তারা নিজেদের বাহ্যিকভাবে গ্রহণযোগ্য হিসেবে উপস্থাপন করে।
তিনি আরও বলেন, পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে মুনাফিকদের বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। এমনকি এ বিষয়ে ‘সুরা মুনাফিকুন’ নামে একটি স্বতন্ত্র সুরাও রয়েছে। রাসুলুল্লাহ (সা.)-এর যুগে মুনাফিকরা রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি বিশেষ করে সাংস্কৃতিক তৎপরতা ও গুজব ছড়ানোর মাধ্যমে নবগঠিত ইসলামী সমাজকে ভেতর থেকে দুর্বল করার চেষ্টা করত। তাদের উদ্দেশ্য ছিল ইসলামী সমাজের প্রতিষ্ঠা ও ভিত্তি সুদৃঢ় হওয়ার পথে বাধা সৃষ্টি করা।
মিশরের গভর্নর মুহাম্মদ ইবনে আবি বকরকে লেখা হযরত আলী (আ.)-এর চিঠিতে জনগণের সঙ্গে আচরণ এবং দ্বীনবিরোধী তৎপরতা সম্পর্কে সচেতন থাকার নির্দেশনার কথা উল্লেখ করে তিনি বলেন, মুনাফিকদের প্রধান লক্ষ্য হলো দ্বীনের শাসনব্যবস্থার বিরোধিতা করা। এ উদ্দেশ্যে তারা বিভিন্ন পদক্ষেপ নেয়, যাতে ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থা দুর্বল হয়ে পড়ে এবং সমাজ ঐশী শিক্ষার আলোকে পরিচালিত হতে না পারে।
হযরত আলী (আ.)-এর বক্তব্য উদ্ধৃত করে উস্তাদ তাহরিরি বলেন, হেদায়েতের ইমাম ও ভ্রষ্টতার ইমাম কখনো এক হতে পারেন না। একইভাবে রাসুলের বন্ধু ও তাঁর শত্রুও সমান নন। তবে কোনো শাসনব্যবস্থার বিরোধিতা করলেই কাউকে মুনাফিক বলা যায় না। এখানে এমন শাসনব্যবস্থার কথা বলা হচ্ছে, যা ঐশী দ্বীনের ভিত্তিতে পরিচালিত হয়, ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চায় এবং অধিকারীদের তাদের প্রাপ্য অধিকার ফিরিয়ে দিতে সচেষ্ট থাকে।
মুনাফিকরা কথায় চমৎকার, কিন্তু কাজে সত্যের বিরোধী
মুনাফিকদের বিষয়ে রাসুলুল্লাহ (সা.)-এর একটি হাদিস উল্লেখ করে তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আমি আমার উম্মতের ব্যাপারে মুমিন ও মুশরিকের কাছ থেকে ভয় করি না। কারণ, মুমিন তার ঈমানের কারণে সত্যের পথে থাকে এবং মুশরিক তার শিরক প্রকাশ করে। কিন্তু আমি ভয় করি এমন মুনাফিককে, যার অন্তরে রয়েছে নিফাক, অথচ মুখে সে জ্ঞান ও বাগ্মিতার পরিচয় দেয়।’
তিনি বলেন, মুনাফিকের বিপজ্জনক বৈশিষ্ট্য হলো, সে মুখে সুন্দর ও জ্ঞানগর্ভ কথা বলে, অথচ কাজে তার বক্তব্যের সম্পূর্ণ বিপরীত আচরণ করে। সে ধর্মীয় মূল্যবোধ কিংবা জনগণের সমস্যা সমাধানের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলতে পারে; কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়ে সমাজকে শত্রুর সঙ্গে আপস এবং ধর্মীয় মূলনীতি থেকে সরে আসার আহ্বান জানায়।
ইসলামী শাসনব্যবস্থার প্রকৃতি সম্পর্কে সচেতন হওয়ার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ইসলামী প্রজাতন্ত্রের ভিত্তি হলো গুরুত্বপূর্ণ বিষয়ে শত্রুর কাছে নতি স্বীকার না করা। শত্রুর সঙ্গে সম্পর্ক স্থাপনের অর্থ যদি হয় তার কাছে আত্মসমর্পণ এবং আধিপত্য মেনে নেওয়া, তাহলে তা দ্বীনের মূলনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। যে দ্বীন আধিপত্য ও বাতিলের বিরুদ্ধে অবস্থান নেয় না, তা নিজের প্রকৃত বৈশিষ্ট্য থেকে বিচ্যুত হয়ে ধর্মনিরপেক্ষ দ্বীনে পরিণত হয়।
ইসলামের প্রাথমিক যুগ ও রাসুলুল্লাহ (সা.)-এর পরবর্তী সময়ের ঐতিহাসিক অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, যখন শাসনব্যবস্থা সত্যের পথ থেকে সরে গিয়েছিল, তখন কিছু মানুষ নিজেদের পার্থিব সুযোগ-সুবিধা ও স্বার্থের কারণে সেই ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়েছিল। কিন্তু হযরত আলী (আ.) ক্ষমতায় আসার পর অন্যায্য সুযোগ-সুবিধা ও বিশেষ সুবিধা অব্যাহত রাখতে অস্বীকৃতি জানালে ওই ব্যক্তিরাই তাঁর বিরুদ্ধে অবস্থান নেয়। এ ঘটনা প্রমাণ করে, অনেক সময় সত্যের পক্ষে নয়, বরং ব্যক্তিগত ও পার্থিব স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থেকেই বিরোধিতা সৃষ্টি হয়।
বাতিলের মোকাবিলায় জনসচেতনতা সৃষ্টি জরুরি
বাতিলপন্থী শক্তির মোকাবিলায় রাসুলুল্লাহ (সা.) ও ইমাম খোমেনি (রহ.)-এর আদর্শ তুলে ধরে উস্তাদ তাহরিরি বলেন, নবী-রাসুলদের প্রধান পদ্ধতি ছিল মানুষকে সত্যের পথে আহ্বান জানানো এবং প্রকৃত বিষয় সম্পর্কে সচেতন করা। মক্কায় নানা চাপ ও সীমাবদ্ধতার মধ্যেও রাসুলুল্লাহ (সা.) প্রথমে মানুষকে তাওহিদের দিকে আহ্বান করেন এবং যুক্তি ও অন্তর্দৃষ্টির মাধ্যমে সত্যের পথ দেখান। তাঁর দাওয়াত প্রথমে নিকটাত্মীয়দের মধ্যে শুরু হয়, পরে তা অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ে। বিরোধিতা ও মুসলমানদের ওপর নির্যাতন বেড়ে গেলে তাঁদের একটি দল হাবশায় হিজরত করেন। অন্যদিকে মক্কায় অবস্থানরত মুসলমানদের আবু তালিব উপত্যকায় অবরোধসহ নানা কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়।
তিনি আরও বলেন, বাতিলের মোকাবিলার বিভিন্ন পর্যায় রয়েছে। এর মধ্যে প্রকৃত সত্য তুলে ধরা এবং সত্য ও মিথ্যার অবস্থান স্পষ্ট করা অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ। ইমাম খোমেনি (রহ.)-ও ইসলামী বিপ্লবের বিজয়ের আগে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন ব্যাখ্যা-বিশ্লেষণ ও জনসচেতনতা সৃষ্টির ওপর।
তিনি বলেন, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সামরিক পদক্ষেপ গ্রহণেরও সুনির্দিষ্ট বিধিবিধান রয়েছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বেচ্ছাচারী কর্মকাণ্ডকে দ্বীনের নামে বৈধতা দেওয়া যায় না। এ ধরনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে শরিয়তের বিধান এবং ধর্মীয় শাসনব্যবস্থার তত্ত্বাবধানের আওতায়।
জিহাদে ইবতেদায়ি (আক্রমণাত্মক) ও প্রতিরক্ষামূলক জিহাদের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, শত্রুর সঙ্গে মোকাবিলার প্রাথমিক পর্যায়ে সত্যের অবস্থান স্পষ্ট করা, প্রকৃত বিষয় তুলে ধরা এবং প্রতিপক্ষের বাতিল উদ্দেশ্য ও অবস্থান প্রকাশ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ প্রক্রিয়ায় আলোচনা ও সংলাপের মাধ্যমেও জালিম শাসকগোষ্ঠী এবং তাদের জনগণের সামনে সত্যের দলিল উপস্থাপন করা যেতে পারে। তবে শত্রু আগ্রাসন চালালে ইসলামী সমাজ ও শাসনব্যবস্থা রক্ষার প্রশ্ন সামনে আসে। তখন জনগণের জীবন ও সম্পদ রক্ষায় প্রতিরোধ অপরিহার্য হয়ে ওঠে।
আধিপত্যবাদী শক্তিগুলোর গণমাধ্যমের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, আধিপত্যবাদী প্রচারযন্ত্র প্রকৃত সত্যকে বিকৃতভাবে উপস্থাপন করে এবং নিজেদের সম্পূর্ণ ন্যায়পন্থী হিসেবে তুলে ধরার চেষ্টা করে। তাদের প্রচারণা এতটাই প্রভাব বিস্তার করে যে, কখনো কখনো অধীনস্থ দেশগুলোর জনগণও বিশ্ব ও আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কে আধিপত্যশীল শক্তিগুলোর তৈরি করা ধারণাকেই সত্য বলে গ্রহণ করে।
ইসলামী বিপ্লবের ইতিহাস ও অভিজ্ঞতা সম্পর্কে সচেতনতা জরুরি
ইরানের ঐতিহাসিক ও সাংস্কৃতিক পরিচয় সম্পর্কে সচেতন হওয়ার ওপর গুরুত্বারোপ করে অধ্যাপক তাহরিরি বলেন, বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে দেশের ইতিহাস বাস্তব ও জীবন্তভাবে শিক্ষা দেওয়া প্রয়োজন, যাতে তরুণ প্রজন্ম নিজেদের ভূখণ্ডের অতীত সম্পর্কে জানতে পারে। ইরানি পরিচয়ের পাশাপাশি ইসলামী পরিচয়ও সমাজকে স্বতন্ত্র ব্যক্তিত্ব ও দিকনির্দেশনা দেয়। এ দুটি পরিচয়কে পরস্পর থেকে বিচ্ছিন্ন করে দেখার সুযোগ নেই।
হযরত আলী (আ.)-এর শাসনামলে মুয়াবিয়ার কর্মকাণ্ডের কয়েকটি উদাহরণ তুলে ধরে তিনি বলেন, মুয়াবিয়া কুফার আশপাশে সেনাদল পাঠিয়ে এবং নিরাপত্তাহীনতা সৃষ্টি করে ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থাকে দুর্বল করার চেষ্টা করেছিল। এ ঐতিহাসিক ঘটনা থেকে বোঝা যায়, ধর্মীয় শাসনব্যবস্থাকে দুর্বল করতে বিরোধী শক্তিগুলো শুধু একটি পদ্ধতির ওপর নির্ভর করে না; বরং রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিকসহ বিভিন্ন হাতিয়ার ব্যবহার করে।
ইসলামী বিপ্লবের বিজয়ের পর প্রথম দিকের রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, কিছু ব্যক্তি বাহ্যিকভাবে নামাজ আদায় করতে পারে, রোজা রাখতে পারে, ইসলাম নিয়ে বক্তব্য দিতে পারে, এমনকি ধর্মীয় বইও লিখতে পারে; কিন্তু বাস্তবে ইসলামী শাসনব্যবস্থার প্রতি তাদের কোনো বিশ্বাস থাকে না। বরং তারা দেশকে বিদেশি শক্তির ওপর নির্ভরশীল করে রাখতে চায়। তাই কারও বাহ্যিক ধর্মীয় পরিচয় দেখে তার প্রকৃত অবস্থান নির্ধারণ করা যথেষ্ট নয়; বরং গুরুত্বপূর্ণ সময়ে তার আচরণ ও কর্মকাণ্ডের দিকে নজর দিতে হবে।
তিনি আরও বলেন, বিপ্লবের প্রথম বছরগুলোতে ইমাম খোমেনি (রহ.)-কে স্বৈরাচারী শাসনব্যবস্থা থেকে ইসলামী শাসনব্যবস্থায় উত্তরণের কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে হয়েছিল। তখন এমন পরিস্থিতি ছিল না যে, সব দায়িত্ব অবিলম্বে বিপ্লবের মূলনীতি সম্পর্কে সচেতন ও বিশ্বাসী ব্যক্তিদের হাতে তুলে দেওয়া সম্ভব হবে। ওই সময়ে শহীদ মুর্তজা মোতাহহারি ও শহীদ আয়াতুল্লাহ বেহেশতি ছিলেন বিপ্লবের অন্যতম গুরুত্বপূর্ণ চিন্তাবিদ ও আদর্শিক ব্যক্তিত্ব। বিপ্লববিরোধীরা তাঁদের অবস্থান ও ভূমিকা সম্পর্কে ভালোভাবেই অবগত ছিল। শহীদ মোতাহহারিকে হত্যা এবং পরবর্তী সময়ে ৭ তিরের ঘটনায় আয়াতুল্লাহ বেহেশতি ও তাঁর সহযোগীদের শাহাদাত ছিল ইসলামী বিপ্লবের বিরুদ্ধে মুনাফিকদের অপরাধের অন্যতম দৃষ্টান্ত।
ঐশী নেতৃত্বকে কেন্দ্র করেই সমাজের ঐক্য প্রতিষ্ঠা করতে হবে
তেহরানের মারভি মাদরাসার প্রধান বলেন, মুনাফিকি বিভিন্ন সময়ে সমাজের পরিস্থিতি অনুযায়ী ভিন্ন ভিন্ন রূপে আত্মপ্রকাশ করতে পারে। মুনাফিকদের বিষয়ে সতর্কবার্তা শুধু রাসুলুল্লাহ (সা.) ও হযরত আলী (আ.)-এর যুগের জন্য সীমাবদ্ধ নয়। যখনই কোনো ধর্মীয় সমাজ ঈমানের শক্তি বৃদ্ধি এবং ঐশী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার পথে এগিয়ে যায়, তখনই মুনাফিকদের তৎপরতা চিহ্নিত করা এবং তাদের ক্ষতিকর প্রভাব থেকে সতর্ক থাকা আরও জরুরি হয়ে পড়ে।
যুদ্ধ-ই-জামালের প্রসঙ্গে নাহজুল বালাগার কয়েকটি বক্তব্য উল্লেখ করে তিনি বলেন, যুদ্ধের সমাপ্তির পর হযরত আলী (আ.) ফিতনার অনুসারী ও সহযোগী হওয়ার কারণে বসরার জনগণকে ভর্ৎসনা করেছিলেন। তাদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে তিনি বলেছিলেন, ‘আখলাকুকুম দিকাক, ওয়া আহদুকুম শিকাক, ওয়া দীনুকুম নিফাক।’ অর্থাৎ, ‘তোমাদের চরিত্র দুর্বল, তোমাদের অঙ্গীকার বিভেদপূর্ণ এবং তোমাদের দ্বীন নিফাকে পরিপূর্ণ।’ এরপর তিনি বসরার ভবিষ্যৎ ও তাদের কর্মকাণ্ডের পরিণতি সম্পর্কেও সতর্ক করেছিলেন।
উস্তাদ তাহরিরি বলেন, এসব সতর্কবার্তা সব যুগের ইসলামী সমাজের জন্য শিক্ষণীয়। এ প্রসঙ্গে রাসুলুল্লাহ (সা.)-এর ইন্তেকালের পর হযরত ফাতিমা যাহরা (সা.আ.)-এর বক্তব্যের কথাও উল্লেখ করেন তিনি। তাঁর মতে, হযরত ফাতিমা যাহরা (সা.আ.) সমাজকে সত্যের কেন্দ্র থেকে বিচ্যুত হওয়ার বিষয়ে সতর্ক করেছিলেন এবং এ ধরনের বিচ্যুতির পরিণতি হিসেবে মুসলিম উম্মাহর মধ্যে বিভেদ ও বিভক্তির আশঙ্কা তুলে ধরেছিলেন।
শেষে ইসলামী সমাজের ঐক্য রক্ষায় ঐশী নেতৃত্বের কেন্দ্রীয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, জনগণের ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এই ঐক্যের ভিত্তি ও কেন্দ্রবিন্দু কী, সেটিও বিবেচনায় নিতে হবে। ইসলামী সমাজ সঠিক পথে এগিয়ে যেতে পারে তখনই, যখন হেদায়েত ও ঐশী নেতৃত্বের কেন্দ্রকে উপেক্ষা করা হবে না এবং ব্যক্তি ও দায়িত্বশীলরা নিজেদের অবস্থান ও কর্মকাণ্ডকে সেই মানদণ্ডে যাচাই করবেন।
আপনার কমেন্ট